উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তত আরো ১০ বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার জন্য ভোটারসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানিয়ে দেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা অস্থির হবেন না। শেখ হাসিনাকে কেন আরো সময় দেবেন না? তার আমলে দেশের এত উন্নয়ন হয়েছে; রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে; তিনি জঙ্গি দমন করেছেন। একটা গুলিও না ছুড়ে দ্বি-পক্ষীয় সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনা ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান করেছেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এনেছিলাম। কিন্তু ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে খালেদা জিয়া তত্ত্বাবধায়কের কনসেপ্টটাই ধ্বংস করে দিয়েছেন। পরে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সংবিধান মানতে হবে। তিনি বলেন, ভুলত্রুটি হতে পারে, আমরা মানুষ, ভুল করতে পারি। কিন্তু শেখ হাসিনা অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি নিজ দলের এমপিকেও জেলে পাঠিয়েছেন। চূড়ান্ত বিচার করবে জনগণ। পাঁচ জানুয়ারির ভোটের আগে শেখ হাসিনা হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনি (খালেদা জিয়া) সেই হাত ফিরিয়ে দিলেন। সেদিন ভোট না হলে এই সংসদ ও গণতন্ত্র থাকত না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে, এ সরকারকে ক্ষমতায় থাকতে দেবেন না, তা হলে বিকল্প কী? পরিবর্তন হতে হলে নির্বাচনের বিকল্প নেই।
মোহাম্মদ নাসিম বলেন, মার্শাল লর মধ্যেও বঙ্গবন্ধু ৭০-এর নির্বাচনে গিয়েছিলেন। জনগণ বঙ্গবন্ধুর পক্ষেই ভোট দিয়েছিলেন। তিনি বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বা সহায়ক সরকার বলে কিছু নেই। দুনিয়ার কোথাও এটা নেই। বাংলাদেশের মানুষও চায় শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সব দেশে নির্বাচন হয় সরকারের অধীনে, আর নির্বাচন পরিচালনা করে কমিশন।
রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনাকে কমপক্ষে আরো ১০ বছর সময় দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা পাপিষ্ঠ-বেইমানরা দেশ স্বাধীনের মাত্র চার বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করেছি। শিকাগোতে একজনই ২৫ বছর ক্ষমতায় ছিলেন। সিঙ্গাপুর আজকে এত উন্নত, কারণ লিকোয়েন টানা ২৫ বছর ক্ষমতায় ছিলেন। ডা. মাহাথির মোহাম্মদ ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন, দ্রুত শিল্পায়নের মাধ্যমে দেশকে সামনে নিতে পেরেছেন। বাংলাদেশ একটি দুর্ভাগা দেশ। আমরা বাঙালি জাতি অস্থির। পাঁচ বছর গেলেই আমরা অস্থির হয়ে যাই। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে আমরা কী পেয়েছি? অবৈধ ও সামরিক শাসন ছাড়া তো কিছুই পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে, কারণ তার ভিশন ও লক্ষ্য আছে। দুনিয়ার কোনো দেশ ৩/৫ বছরে উন্নত দেশ হয়েছে, এমন নজির নেই।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, ‘এখানে তোফায়েল সাহেব আছেন। মেনন সাহেব আছেন। আমরাও রাস্তায় আন্দোলন করেছি। পুলিশের মার খেয়েছি। আর উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। নিজে জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো। নিজের কষ্টের কথা বলতে হয় না। আমরা বলিনি।’
‘মওদুদ চাইলে খাট পাঠাব’
আদালতের রায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘উনি (মওদুদ) অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। লজ্জা হওয়া উচিত। নাটক করে লাভ নেই। উনার নাকি শোয়ার জায়গা নেই, খাট নেই। উনি চাইলে খাট পাঠিয়ে দেবো।’
নির্বাচনী মাঠ ছেড়ে পালাবেন না :
খালেদার প্রতি আহ্বান
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি নেত্রীর উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী। আপনারা আগামী নির্বাচনী মাঠ ছেড়ে পালাবেন না। গতকাল বৃহস্পতিবার বিকালে মিরপুরে সেনপাড়াস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলপূর্ব এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে।
ঢাকা-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের জ্যেষ্ঠ পুত্র সদ্যপ্রয়াত আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু
