পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এবারের ঈদে কোন ধরণের নাশকতার সম্ভাবনা নেই। পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যানজট নেই।
তিনি বলেন, 'যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আশা করা যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেক কম হবে।'
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় জেলা পুলিশের কন্ট্রোল রুম পরিদর্শন এবং যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে আইজিপি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আলী মিয়া, গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশিদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া প্রমুখ।
ইত্তেফাক/জামান
