‘ঈদবস্ত্র বিতরণ না করে বিএনপি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে’

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:০৫
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ঈদে সাধারণ মানুষের জন্য কোন ঈদবস্ত্র বিতরণ না করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। খালেদা জিয়া নির্বাচনে না এলেও নির্বাচন হবেই। কারণ নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই। ২০১৪ সালে তিনি নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন, এবারো তিনি ব্যর্থ হবেন। 
 
শনিবার ভোলা সদরের ভেদুরিয়া, ভেলুমিয়া ও শিবপুর ইউনিয়নে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। তবুও ঈদের পর তারা আন্দোলন করার যে চিন্তা ভাবনা করছে সে সুযোগ দেয়া হবে না। তারা যদি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।
 
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হলো ব্যবসা বান্ধব সরকার। আমাদের সঙ্গে ব্যবসায়ীদের সু-সম্পর্ক রয়েছে। অর্থমন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ ও জ্ঞানী। তিনি যে বাজেট দিয়েছেন তা আলোচনার মধ্যদিয়ে পাস হবে। আর সেই বাজেটেই মানুষ সন্তুষ্ট হবে।
 
 
ইত্তেফাক/ইউবি