ত্রিদেশীয় সফরে গেলেন নরেন্দ্র মোদী

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৯:৫৬
সন্ত্রাসবাদ, এইচ-ওয়ান বি ভিসা ও জলবায়ু দূষণ রোধে আন্তর্জাতিক করণীয় এই লক্ষ্যে ত্রিদেশীয় সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উদ্দেশ্যে শনিবার সকালে ভারত ত্যাগ করেন তিনি। জানা গেছে, চার দিনের বিদেশ সফরে প্রথমেই পর্তুগাল যাবেন তিনি। সেখান থেকে আমেরিকা হয়ে সবশেষে নেদারল্যান্ডস এ যাওয়ার কথা রয়েছে তার।
 
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মোদীর এই সফরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। মোদীর সঙ্গে এই বৈঠককে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসনও। রবিবার সকাল ৬টার দিকে ওয়াশিংটনে পা রাখবেন প্রধানমন্ত্রী। সোমবার, ২৬ জুন মুখোমুখি বসতে চলেছেন দু’দেশের শীর্ষপ্রধান। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় দুই প্রধানের দেখা হবে। প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করার কথা রয়েছে তাদের।
 
বিদেশ সফর শুরুর আগে টুইট করেন মোদী। এই সফরে নয়াদিল্লী-ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের সঙ্গে মোদীর আসন্ন বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে চলেছে সন্ত্রাসবাদ এবং এইচ-ওয়ান বি ভিসা প্রসঙ্গ। পাশাপাশি, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে দুই শীর্ষ প্রধানের কথা হবে বলেও ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। 
 
এর আগে, মোদী এবং ট্রাম্পের মধ্যে তিনবার ফোনে কথা হয়েছে। কিন্তু, মুখোমুখি সাক্ষাৎ এই প্রথম। বারাক ওবামার আমলে আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোট আটবার দেখা করেছিলেন মোদী। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু