বুমরাহর নো বল দিয়ে ভারতে বিজ্ঞাপন; চটেছেন স্পিডস্টার

আপডেট : ২৪ জুন ২০১৭, ২০:০৪
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এক নো বল করেই বিশ্বজুড়ে আলোচনায় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। ওই নো বলের রেশ বুজি এখনই পিছু ছাড়ছে না বুমরাহর। কেননা তার এই নো বলের কল্যাণে ৩ রানে আউট থেকে বেঁচে যাওয়া ফাখর জামান দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে কাপ জয় করে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
 
এখন বিখ্যাত এই নো বলকে গাড়ি চালকদের জন্য জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজে লাগিয়ে হইচই ফেলে দিয়েছে জয়পুর ট্রাফিক পুলিশ। আর এতেই আত্মসম্মানে লেগেছে বুমরাহর!
 
বুমরাহর ওই নো বলের ছবিকে কাজে লাগিয়ে ট্রাফিক আইনের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে জয়পুর পুলিশ। তাদের প্রচার করছে ‘বুমরাহর মতো সীমারেখা লঙ্ঘন করো না । তাহলে ভারতীয় দলের মত চড়া মূল্য দিতে হব’।
 
এই বিজ্ঞাপন প্রচার করার পর থেকেই সোশ্যাল সাইটে তার ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। যদিও জয়পুর পুলিশ লিখেছে, ‘বুমরাহ, আপনি তরুণদের আইকন। আমাদের সবার প্রেরণা।’ কিন্তু এতেও কাজ হয়নি। বেজায় চটেছেন ২৩ বছর বয়সী স্পিডস্টার।
 
IMG0
 
তিনি টুইটারে বিজ্ঞাপনটির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাবাস জয়পুর ট্রাফিক পুলিশ! এর দ্বারা বোঝা যাচ্ছে দেশের হয়ে সেরাটা দেওয়ার পর আপনার জন্য কতটা সম্মান অপেক্ষা করছে!’
 
এরপর আরও একটি টুইটে তিনি লিখেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই; চিন্তার কারণ নেই। আপনারা নিজেদের কর্মস্থলে যেসব ভুল করেন, সেটি নিয়ে মজা করব না। আমি বিশ্বাস করি, মানুষ মাত্রই ভুল করে।’
 
অবশ্য পরে বুমরাহ তার টুইট দুটি মুছে দেন। এদিকে জয়পুর পুলিশ বুমরাহর এই টুইটের জবাবে লিখেছিল, ‘তরুণ পেসারকে অপমান করা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা।’ এনডিটিভি স্পোর্টস।
 
ইত্তেফাক/রেজা