খুলনায় সোনার দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ জুন ২০১৭, ২৩:০২

খুলনায় কমলেশ পাল ওরফে কমল (৩০) নামে সোনার দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রাত ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার রূপসা বাইপাস সড়কের আফিল গেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কমলকে কুপিয়ে হত্যা করে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের হিসাবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত কমল নগরীর আটরা পালপাড়ার কাজল পালের ছেলে।

উল্লেখ্য, গত এক মাসে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও ইসলামী আন্দোলন নেতা ইকবাল হোসেন ওরফে ইকবাল হুজুরসহ ১০জন দুর্বৃত্তদের হাতে নিহত হলেন। এর আগে গত ২১ জুন রাতে নগরীর দেয়ানায় সন্ত্রাসীরা শিপলু মোল্লা নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করে।

ইত্তেফাক/নূহু