বাংলাদেশের আকাশে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম জাতীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সর্ববৃহৎ ও পবিত্রতম ধর্মীয় অনুষ্ঠান। একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসছে আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে। পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে এই দিনটি আমরা পালন করব এবং সকলের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেব। আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করি এবং আমরা এই দৃঢ় আশা পোষণ করি যে, ইসলামের সাম্য, সংযম ও ঐক্যের বাণী মুসলিম উম্মার মাঝে নতুন ভাবে সঞ্চারিত হবে।
ইত্তেফাক/ইউবি
