শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা ঈদের নামাজে

আপডেট : ২৬ জুন ২০১৭, ১২:২৫
একমাস সিয়াম সাধনার পর সারাদেশে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সকালে জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
 
আজ ঈদের নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সব জায়গাতেই নামাজ শেষে দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়েছে। প্রত্যাশা করা হয়েছে শান্তির। দু:খ দুর্দশা মোচন হয়ে যেন শান্তি পৌঁছে যাক সব দিকে।
 
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায়। এ বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হলো ১৯০তম জামাত। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে ৩টি, তিন মিনিট আগে ২টি ও এক মিনিট আগে ১টি বন্দুকের গুলি ছুড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হয়। এ বছর জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
 
ঈদের নামাজ পড়তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়। পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয় এখানে। এর মধ্যে সকাল সাতটায় প্রথম এবং এর এক ঘণ্টা পর সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/এমআই