ব্রেক্সিটের পরও ব্রিটেন থেকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

আপডেট : ২৬ জুন ২০১৭, ১৩:১১
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। আর এর ফলে ব্যাপক অনিশ্চয়তায় রয়েছে দেশটির বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারেরা। তবে ব্রিটেন বলছে, ব্রেক্সিটের পরও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশকে বিনা শুল্কে রপ্তানি করার বিশেষ সুবিধা অব্যাহত রাখবে তারা।
 
ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সুবিধে অনুযায়ী ব্রিটেনসহ ইউরোপের ব্যবসায়ীরা ৪৮টি উন্নয়নশীল দেশ থেকে বিনা শুল্কে আমদানি করতে পারে। ব্রিটেনের সরকার জানিয়েছে, ব্রেক্সিটের পরও ইইউ এর করা সেই চুক্তি অব্যাহত রাখবে ব্রিটেন। সরকার ঘোষণা করেছে, সব সুবিধেই অব্যাহত থাকবে। ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ‘আমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।’
IMG0
জানা গেছে, বাংলাদেশসহ ৪৮টি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ থেকে ব্রিটেন বছরে ১৯০০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের পণ্য আমদানি করে। তৈরি পোশাকের ৪৫ শতাংশই আসে বাংলাদেশসহ এই ৪৮টি দেশের কয়েকটি থেকে।
IMG1
ব্রিটেন বাংলাদেশী পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। গত অর্থবছরে ব্রিটেনে বাংলাদেশের রপ্তানি ৪০০ কোটি ডলারের কিছু বেশি ছিল। রপ্তানির সিংহভাগই ছিল তৈরি পোশাক। ব্রেক্সিটের পর থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা ব্রিটেনের বাজার নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তবে রবিবারের এই ঘোষণার পর সেই অনিশ্চয়তার অবসান হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু