ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে লুকিয়ে থাকা ২ জঙ্গি সেনা অভিযানে মারা গেছে। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর জানা গেছে।
তারা জানাচ্ছে, গত পরশু সন্ধ্যায় শ্রীনগরের পান্থা চক এলাকায় সিআরপি’র গাড়ির উপর হামলা চালায় দুই জঙ্গি। তাদের গুলিতে নিহত হন সাহেব শুক্ল নামের এক অফিসার। এরপরেই পাশের ‘দিল্লি পাবলিক স্কুলে’ ঢুকে পড়ে জঙ্গিরা।
রাজ্য পুলিশের ডিজি এস পি বৈদ্য জানায়, ‘এত বড় স্কুলে এমনিতেই অভিযান চালানো শক্ত। উপত্যকার পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করতে স্কুলের উপরে হামলা চালানো হচ্ছে। এ ক্ষেত্রেও জঙ্গিরা বেছে বেছে স্কুলে আশ্রয় নিয়েছিল বলেই আমাদের ধারণা। কারণ, স্কুলের ক্ষতি হলে পড়াশোনা ব্যাহত হবে। আমরা সেটা কিছুতেই হতে দেব না।’
IMG0
অভিযানে আধাসেনার সঙ্গে যোগ দেন প্যারা কম্যান্ডোরাও। রাতভর লড়াইয়ের পর ২ জঙ্গি মারা গেছে বলে জানায় সেনাবাহিনী। তাদের নাম আবু হুরেইরা ও আবু তালহা। এছাড়া এসময় আহত হয়েছেন ২ নম্বর প্যারা কমান্ডো রেজিমেন্টের নায়েক তুষার ওয়াগা ও ক্যাপ্টেন ভিশু দীপক। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
