নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানীপুর গ্রামে ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে সোমবার দুপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। গুরুতর আহত আজহারুল ইসলাম (২৪), শাহ আলম (৩০), বকুল মিয়া (৩২) ও দুলাল মিয়াকে (৪০) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলা সদরের আমানীপুর গ্রামের ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য নামাজ পড়ানোর সময় টাকা উঠানো হয়। এ নিয়ে স্থানীয় ইউপি মেম্বার ফুল মিয়ার সঙ্গে সোমবার সকালে সাবেক ইউপি মেম্বার ফখরুল ইসলামে কথা কাটাকাটি হয়। পরে দুপুর দেড়টার দিকে ফের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এলাকার মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী জানান, সংঘর্ষের কথা শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি।
ইত্তেফাক/ইউবি
