পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হব : সেতুমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৭, ১৮:৫৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে এবং ১ মাসের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। 
 
সোমবার রাঙামাটি সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন। 
 
সেতুমন্ত্রী বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি চালু রাখা খুবই প্রয়োজন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া রাস্তায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। 
 
ওবায়দুল কাদের বলেন, পাহাড় ধসের ৭ দিন পর বিএনপি লোক দেখানো নাটক করতে রাঙামাটি আসতে চেয়েছিল। তবে মির্জা ফখরুলের ওপর যারা হামলা করেছে তারা যে দলেরই হোক- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
এর আগে তিনি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি