পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জিম্মি ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার রাজাপুর নির্মাণাধীন রেল লাইনের( মীর আক্তার গ্রুপের) সংরক্ষিত এলাকায় ঈদের দিন সোমবার সন্ধ্যায় সাবেক ছাত্রলীগ নেতা ও পাইকপাড়া গ্রামের জাকির হোসেনসহ কয়েকজন প্রবেশ করতে চায়। সংরক্ষিত এলাকা হওয়ায় নিরাপত্তা কর্মীরা তাদের ওই এলাকায প্রবেশ করতে নিষেধ করেন। এনিয়ে নিরাপত্তা কর্মী আজমত আলীর পক্ষে রাজাপুর গ্রামের কতিপয় ব্যক্তির এগিয়ে আসলে তাদের সঙ্গে জাকির গ্রুপের দুই দফা সংঘর্ষ হয়। এঘটনার সূত্র ধরে রাত সাড়ে ৮ টার দিকে রাজাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ব্যবসায়ী হযরত আলী শ্বশুর বাড়ি হাসানপুর রওনা হলে পথি মধ্যে জাকির গ্রুপ তাকে জিম্মি করে মোটরসাইকেল ছিনিয়ে তাতে অগ্নিসংযোগ করা হয় বলে হযরত আলী জানান।
এসময় ব্যবসায়ী দৌঁড়ে শ্বশুর বাড়ি আশ্রয় নিলে দুর্বৃত্তরা তাকে বাড়ির চারপাশ থেকে ঘিরে রাখেন। সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টায় সাঁথিয়া থানা পুলিশ আটককৃত হযরতকে উদ্ধার করে রাজাপুর রেখে যায়।
এদিকে মঙ্গলবার সকালে সাঁথিয়া থানায় হযরত আলী বাদী হয়ে একটি ও জাকির হোসেন বাদী হয়ে অপর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাজাপুরের কতিপয় ব্যক্তি আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ ৫/৭ জন আহত হই।
মোটরসাইকেলে অগ্নিসংযোগের বিষয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় রেল লাইনের নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানে সোমবার রাত থেকে পুলিশি পাহারা দেওয়া হচ্ছে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।
ইত্তেফাক/কেকে
