‘সাংবিধানিক ধারাবাহিকতায় আগামী নির্বাচন হবে’

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৭:০২
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব দলই নির্বাচনে অংশ গ্রহণ করবে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে মাথানত করার জন্য নয়।
 
কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ময়দানে সোমবার ঈদের জামাতে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগকে আবার নির্বাচনে বিজয়ী করতে হবে।
 
এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি জয়দেবপুর রাজবাড়ি ময়দানে সোমবার ঈদের জামাত আদায় শেষে সাংবাদিকদের বলেন, জনগণ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিবে এবং আওয়ামী লীগ দেশ পরিচালনা করবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
 
ঈদের জামাত শেষে তিনি হায়দরাবাদ গ্রামে তার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেন এবং এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিয়ময় করেন।
 
গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে ৪৫০টি ঈদের জামাতসহ জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/কেকে