অযোগ্য নেতৃত্ব ও দল পরিচালনার ব্যর্থতার দায়ভারের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগের পরামর্শ দেওয়ার জন্য রিজভী আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বুধবার গণমাধ্যমে পাঠানো বিএনপি নেতা রিজভী আহমেদের এক বিবৃতির জবাবে হাছান মাহমুদ আওয়ামী লীগের পক্ষ হতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কেবল বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্ব স্বীকৃত বিশ্বনেতা। তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে পাঁচটি দেশ উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ তার মধ্যে পঞ্চম। শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশের নিচে নামিয়ে এনেছেন।
অপরদিকে খালেদা জিয়ার অযোগ্য নেতৃত্বের কারণে বিএনপি এখন মুমূর্ষু রোগীর মতো মুখ থুবড়ে আছে।খালেদা জিয়ার নির্বাচনে না আসার ভুল সিদ্ধান্ত, পেট্রোলবোমার রাজনীতির কারণে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন দল। তাই রিজভী আহমেদকে বলবো অযথা সরকারের সমালোচনা না করে বিএনপিকে নিয়ে চিন্তা করুন। আপনাদের নেত্রীর কারণেই আপনাদের দলের এ অবস্থা। তাই বিএনপিকে বাঁচাতে খালেদা জিয়াকে বিএনপি থেকে সরে যাওয়ার পরামর্শ দিন।
হাছান মাহমুদ তার বিবৃতিতে বলেন, গত এক দশকের মধ্যে এবারই কোনরূপ যানজট ও রাস্তাঘাটে ভোগান্তি ছাড়া দেশের জনগণ পরিবারের সাথে ঈদ করতে বাড়ি যেতে পেরেছে। সরকার এবং মাননীয় যোগাযোগ মন্ত্রী রমজান মাসের শুরু থেকেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে গেছেন। সাধারণ মানুষের যাতে আসা-যাওয়ার পথে কোনো প্রকার অসুবিধায় না হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকতাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক অভিযোগ করে বলেন, বিএনপি কখনোই মানুষের দুঃখ-দুর্দশার পাশে দাঁড়ায় না।উল্টো তা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করে।হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট বন্যার্ত এলাকায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বার গেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন।রিকশায় চড়ে মানুষের দুর্দশার কথা শুনেছেন অথচ বিএনপি নেত্রীকে একবারের জন্য ও সেখানে দেখা যায়নি।
ইত্তেফাক/কেকে
