জাতিসংঘের মাইগ্রান্ট কমিটির সদস্য নির্বাচিত হলেন পররাষ্ট্র সচিব, কর্মকর্তাদের অভিনন্দন

আপডেট : ২৯ জুন ২০১৭, ১৮:২২
পররাষ্ট্র সচিব শহিদুল হক গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিটি অন দ্যা রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়াকার্স এন্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্ (সিএমডব্লিউ)-এর নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন।
 
২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে ৫১ ভোটের মধ্যে সর্বোচ্চ ৪৬ ভোট পেয়ে তিনি সদস্য হন। সিএমডব্লিউর এই নির্বাচনে কোনও প্রার্থীর এটাই সর্বাধিক ভোট। শহিদুল হক চার বছর মেয়াদি এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।
 
বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয় বারের মতো সিএমডব্লিউর সদস্য হল যা আমাদের ৯ মিলিয়ন অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ বিশ্বব্যাপী অভিবাসী কর্মীদের সুরক্ষা ও উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করল।  
 
উল্লেখ্য পররাষ্ট্র সচিবের সঙ্গে এই কমিটিতে আলবেনিয়া, শ্রীলংকা, কলম্বিয়া, আজারবাইজান,  সেনেগাল ও নাইজারের প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।
 
আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে শহীদুল হক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সদর দপ্তরে পরিচালক, ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড পার্টনারশিপ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
 
পররাষ্ট্র সচিবের এই বিজয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন। বৃস্পতিবার বিসিএস ফরেন এফেয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই অভিনন্দন জানানো হয়।
 
কমিটির সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ২০১৭ সালের জন্য এসোসিয়েশনের কর্মপরিকল্পনা তৈরি নিয়ে আলোচনা হয়। আগামী বছরের শুরুতে ঢাকায় এশীয় ফরেন সার্ভিস কনফারেন্স অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। অন্যান্য দেশের অনুরুপ সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে তথ্য, অভিজ্ঞতা বিনিময় ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি