নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার বিকেলে বন্দুকধারীর হামলায় এক নারী চিকিৎসক নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। পরে হামলাকারীও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
মেয়র বিল ডি ব্লাসিও ও পুলিশ প্রধান জেমস ও’নীল জানিয়েছেন, হামলাকারী নিজেও একজন চিকিৎসক এবং হাসপাতালের সাবেক কর্মী। তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন।
কর্মকর্তারা জানান, হামলাকারী সাদা রঙের কোট পরে হাসপাতালে প্রবেশ করে। সে তার স্বয়ংক্রিয় অস্ত্রটি শার্টের নিচে লুকিয়ে রেখেছিল। স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে এক হাজার শয্যা বিশিষ্ট ব্রোনক্স-লেবানন হাসপাতালে এ হামলা চালানো হয়। এ সময় অনেক রোগী চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন।
IMG0
হামলার পরপরই পুলিশ হাসপাতালের চারপাশ ঘিরে ফেলে। এ সময়ে বেশ কয়েকজন কর্মকর্তা হাসপাতালের ছাদে অবস্থান নেয়। তারা প্রতিটি ভবনের তলায় গিয়ে হামলাকারীর সন্ধানে তল্লাশি চালায়। পরবর্তীতে হামলাকারীকে ভবনটির ১৮ তলায় মৃত অবস্থায় পাওয়া যায়।
জানা গেছে, সর্বশেষ এই হামলাটি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিতর্ককে আবার উস্কে দিতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটে। এএফপি।
ইত্তেফাক/সেতু
