কাশ্মীরে জঙ্গি-সেনা লড়াইয়ে এক নারীর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৪:০৫
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে স্থানীয় এক নারীর মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর বরাতে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সেখানে লড়াই এখনো অব্যাহত রয়েছে।
 
জানা গেছে, অনন্তনাগের বাটপোরা গ্রামে একটি বাড়িতে লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে শনিবার সকালে খবর পায় সেনাবাহিনী। এরপরই গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। সে সময় প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। দু’পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে তাহিরা নামের এক মহিলা আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
 
দিন কয়েক আগে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হামলায় বারামুলায় সাব ইনস্পেক্টর ফিরোজ আহমেদ ডরসহ ছয় পুলিশ কর্মী প্রাণ হারিয়েছিলেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সে দিনের হামলাকারীদের মধ্যে ছিল এই দুই জঙ্গি। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু