আধুনিক জার্মানির ইতিহাসের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও দুই জার্মানির পুনরেকত্রীকরণের নায়ক সাবেক চ্যান্সেলর হেলমুট কোলের (৮৭) প্রতি স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে বিশ্ব নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার বিশ্ববরেণ্য এ নেতার প্রতি তারা আবেগ-আপ্লুত হয়ে নানা স্মৃতিচারণ করেন। গত মাসে জার্মানির রাইনল্যান্ড প্রদেশের লুদভিগহাফেন শহরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
তার শ্রদ্ধা অনুষ্ঠানে প্রথমেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, আমি তাকে ভালোবাসি। অত্যন্ত ভালোবাসি। এ ভালোবাসা হৃদয় থেকে। নেতৃবৃন্দ সে সময় পাশে থাকা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে জার্মানির স্পেয়ার শহরে সমাধিস্থ করা হবে। শ্রদ্ধা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের সাবেক প্রেসিডেন্ট ফিলিপ গনজালেজ প্রমুখ।
এই প্রথমবার ইউরোপীয় পার্লামেন্ট এভাবে কোন নেতাকে শ্রদ্ধা নিবেদন করা হলো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার এই মহতী উদ্যোগ নেন। হেলমুট কোল তাকে ‘জুনিয়র’বলে ডাকতেন। জাঙ্কার বলেন, হেলমুট কোল আমার একজন পরামর্শদাতা,আমার বন্ধু,সর্বোপরি তিনি ইউরোপের সেই সুবাস যা আমরা তার মৃত্যুর পরও পাচ্ছি।
তবে কোলের দ্বিতীয় স্ত্রী মাইকি কোল রিক্টারের অনুরোধে জার্মানি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেনি। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন কোলের প্রথমপক্ষের পুত্র ওয়াল্টার কোল। তিনি চেয়েছিলেন, বার্লিন দেয়ালের কাছে ব্রান্ডেনবার্গ গেটে তার পিতার বিদায় অনুষ্ঠান হোক। ওয়াল্টার এ জন্য তার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
