প্রেমে ব্যর্থ হয়ে আকাশ সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর বিয়েই করবে না। প্রিয় বন্ধুর উপকার করার পর সেই বন্ধুই যখন তার ক্ষতি করেছে তখন সে সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর কখনোই কারও উপকার করবে না। কিন্ধু আকাশের নিঃশ্বাসের সাথে মিশে আছে ভালোবাসা, রক্তের সাথে মিশে গেছে মানুষের জন্য কিছু একটা করার প্রেম। এই প্রেম-ভালোবাসাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।
চারদিকে এত এত মুখোশধারী মানুষ, এত ছলনা, এতটা প্রতারণা! কে আসল, কে নকল সে কিছুই বুঝতে পারছে না। একই নাক, একই মুখ, চেহারাটাও মানুষের, কিন্তু সে প্রতিদিন আবিষ্কার করছে একেকটি অমানুষকে। নদীও সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করবে না। তবে সে তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সে বিয়ে করবে এবং আকাশকেই বিয়ে করবে। ভাবী তার পক্ষে থাকলেও ভাই জসিম কিছুতেই এই বিয়েতে রাজি নন।
কারণ জসিম একজন ভালো মানুষ এটা আকাশ বিশ্বাস করে না। হাস্যরসের ভিত্তিতে একটি অন্যরকম পরিণতির দিকে এগিয়ে যাবে বিশেষ এই ধারাবাহিকের গল্প।
একুশে টেলিভিশনের ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে ৭ পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘পোস্টমর্টেম’। হাস্যরসাত্মক ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, ডা. এজাজ, শামীমা নাজনীন, ডলি জহুর, মিশু সাব্বির, স্নিগ্ধা মোমিন, নরেশ ভূইয়া, শেখ মৌ, মুসাফির সৈয়দ, আল আমিন, শহীদ উন নবী, সাজ্জাদ হুসাইন প্রমুখ। ধারাবাহিক নাটকটি আজ রাত ১১টা ২৫ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর
