তাড়াশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৩:২০
 
সিরাজগঞ্জের তাড়াশে খুশি পারভিন (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। রবিবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ। শনিবার রাতে নওগাঁ ইউনিয়নের আলোক দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
 
খুশির ছোট ভাই রাব্বি (১১) জানায়, শনিবার খুশি ও তাকে বাড়িতে রেখে তাদের বাবা শাহাদত হোসেন এবং মা আঞ্জুয়ারা বেগম নানার বাড়িতে বেড়াতে যায়। বাড়ির পাশে শ্বশুর বাড়ি হওয়ায় খুশির স্বামী রাজীব হোসেন (২৬) ওই দিন সন্ধ্যায় খুশিকে বাড়ি নিয়ে যেতে চায়। তবে বাড়িতে ছোট ভাই একলা  থাকায় খুশি তাকে রেখে  স্বামীর বাড়ি যেতে অমত করে। তখন দুইজনের মধ্যে সামান্য ঝগড়াঝাঁটি হয়। পরে একই ঘরে রাব্বিকে এক চৌকিতে রেখে আরেক চৌকিতে তারা শুয়ে পড়ে।
 
এরপর রাত আনুমানিক সারে ১২টার দিকে রাজীব ঘুম থেকে জেগে চৌকির ওপর তার বোন খুশির ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় সে চিৎকার শুরু করলে তার সামনেই খুশির স্বামী রাজীব হোসেন, শ্বশুর ছোরমান আলী এবং শাশুড়ি কুলসুম বেগম দৌড়ে পালিয়ে যায়।
 
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এমআর