কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের আট ঘুমন্ত যাত্রী হত্যা মামলায় আদালত থেকে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। রবিবার বেলা পৌনে ১টার দিকে কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আবছার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট ঘুমন্ত যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।
দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ এজাহার বহির্ভূত ৩২ জনকে অন্তর্ভূক্ত করে গত ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। উভয় মামলার ৭৮ নম্বর আসামি মনিরুল হক চৌধুরী হাইকোর্ট থেকে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।
মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, দুটি মামলায় তিনি গত ৭ মে হাইকোর্ট থেকে গত শনিবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত বৃহস্পতিবার বিস্ফোরক আইনের মামলায় তিনি জামিন লাভ করেন এবং আজ রবিবার হত্যা মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। আগামী ৯ জুলাই উভয় মামলার চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি হবে।
ইত্তেফাক/কেকে
