পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘‘জঙ্গিদের এখন আর হামলা চালানোর সক্ষমতা নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাস ও জঙ্গিবাদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে।’
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক জঙ্গি সদস্য নিহত ও আহত হয়েছে, অনেকে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
রবিবার পুলিশ সদর দফতরে অপরাধ-বিষয়ক সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নব্য জেএমবি প্রধান আইয়ুব বাচ্চুসহ পলাতক জঙ্গিদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তারা শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়বে।
আইজিপি বলেন, গত বছর ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার পর জঙ্গি দমন নতুন মোড় নেয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নীতি হচ্ছে ‘জিরো টলারেন্স’।
ইত্তেফাক/এএম।
