ভারতের ভিসা আরো সহজ করার অনুরোধ চট্টগ্রাম মেয়রের

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৯:২৩
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি আরো সহজ করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। 
 
রবিবার নগর ভবনে চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ করেন। 
 
মেয়র আ জ ম নাছির বলেন, ‘ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব আগামীতে আরো সুদৃঢ় হবে। বিশেষ করে চট্টগ্রামের সঙ্গে ভারতের বহু প্রদেশের ব্যবসা-বাণিজ্য, যাতায়াত, ভ্রমণ ও চিকিৎসা গ্রহণের সুযোগ রয়েছে। তাই চট্টগ্রামের লোকজন যাতে আরো সহজে ভারতে ভিসা পেতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেয়া প্রয়োজন। 
 
সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেয়া উন্নয়ন কর্মকাণ্ড ভারতীয় সহকারী হাই কমিশনারকে অবগত করা হয়। 
 
এ সময় সহকারী হাই কমিশনার জিটুজি সিস্টেমে এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে এলইডি সড়ক বাতি প্রজেক্ট বাস্তবায়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সহকারী হাই কমিশনারের দায়িত্ব পালনকালীন সময়ে মেয়রের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
 
এ সময় কাউন্সিলর হারুন উর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি