৯ বছর ধরে বন্দি

তিনজনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ০২ জুলাই ২০১৭, ২২:০৪
বিচারের দীর্ঘসূত্রিতায় ৯ বছর ধরে কারাবন্দি তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটের শেখ মো. ফরিদ ও দেবিদ্বারের আব্দুল হান্নান খানের বিরুদ্ধে করা দুটি মামলা তিন মাসের মধ্যে এবং দাউদকান্দির লাল চান স্বর্ণকারের বিরুদ্ধে করা আরেকটি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।
 
বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এ ছাড়া চৌদ্দগ্রামের ছালে আহাম্মদ ওরফে কালু মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তাকে কার জিম্মায় দেয়া হবে এ বিষয়ে আদালতকে অবহিত করতে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসকে বলা হয়েছে। কালুর বাবা-মা জীবিত না থাকায় আদালত এই বিষয়ে তথ্য জানতে চেয়েছে বলে জানান লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মিন্টু কুমার মণ্ডল।
 
হত্যার অভিযোগে দায়েরকৃত পৃথক চারটি মামলায় ২০০৮ সাল থেকে কারাগারে বন্দি রয়েছেন এই চার আসামি। কিন্তু গত ৯ বছরেও এসব মামলার বিচার শেষ হয়নি। পাননি জামিন। বিষয়টি সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসের নজরে আসলে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে আইনজীবী নিয়োগ দেয়া হয়। গত ২২ মে বিষয়টি নজরে আনা হলে হাইকোর্ট তাদেরকে আদালতে হাজিরার নির্দেশ দেয়।
 
ইত্তেফাক/ইউবি