গত বছরের মতো আবারো ঈদ সফলতায় নায়ক শাকিব খান। গেল বছর ঈদে ‘শিকারি’র পর এই মাত্র শেষ হওয়া ঈদেও দেশের প্রেক্ষাগৃহগুলো শাকিবের ‘নবাব’ময়। এবার ১২৯টি সিনেমা হলে মুক্তি পায় শাকিবের ‘নবাব’। যৌথ প্রযোজনার এই ছবিটি ঈদের শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজনা করে এই ছবিটি। ঈদের দিন মুক্তিপ্রাপ্ত ‘নবাব’ এখন পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে চলছে সমানতালে।পাশাপাশি দর্শকদের অগ্রিম টিকেট কেটে ছবিটি দেখতে যাওয়ার অভিজ্ঞতা হলো আবারো।
প্রথমবারের মতো কলকাতার শুভশ্রীর সাথে শাকিবের জুটি দর্শক গ্রহণ করেছেন ইতিবাচকভাবেই। ছবিটিতে শাকিব শুভশ্রী ছাড়াও অভিনয় করেন অমিত হাসান, রজতাভ দত্ত, খারাজ মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
এবার ঈদে ‘নবাব’ ছাড়াও মুক্তি পায় শাকিবের ‘রাজনীতি’ ও জিতের ‘বস টু’। তিনটি ছবির মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা করেছেন ‘নবাব’। ছবিটির ট্রেলার মুক্তির পর থেকে আলোচনায় চলে আসে। এরপর একে একে ছবিটি দুটি গান ‘ষোল আনা’ ও ‘ও ডিজে’ গান দুটিও সফল হয়। তাই বলা যায় ছবি মুক্তির আগেই ছবি হিট।
শাকিব খান বলেন, ‘দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি তাদের জন্য অভিনয় করি। তাদের ভালোবাসায় কাজের অনুপ্রেরণা পাই। তাদের ভালোবাসার জন্য প্রেক্ষাগৃহে ‘নবাব’ এতো ভালো চলছে। আমি শুনেছি অনেক হলে লম্বা লাইন ও অগ্রিম টিকেটেরও ভিড় ছিল। আমি বলবো চলচ্চিত্রের সুদিন ফিরছে।’
ইত্তেফাক/আনিসুর
