মুশফিক-মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০৯:১৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।  ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। মূলত আজ তাদের দিকে তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ। ইতিমধ্যে ১৩৩ রানের লিড পেয়েছে সাবিকরা।

 

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। ব্যক্তিগত ২ ও দলীয় ১৩ রানে বোল্ড হন ইমরুল কায়েস। স্কোর বোর্ডে আর কোনো রান যোগ না হতেই ফিরে যান ১০ বলে ১১ রান করা সৌম্য সরকার। দলীয় ৩২ রানের মাথায় ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক (১২) । মুমিনুলের পর দ্রুত ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান (১) । দলের ৫৩ রানের মাথায় বোল্ড হন ৩৫ বলে ১৭ রান করা মোহম্মদ মিঠুন। এর পর মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।

 

সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটার হিসেবে নাঈম টেস্টে পেয়েছেন ৫ উইকেট। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৬ রানে আটকে দেয়ার বড় কৃতিত্ব ১৭ বছর ৩৫৬ দিন বয়সি নাঈমের।

 

শুক্রবার সকালে ৮ উইকেটে ৩১৫ রানে দিনের খেলা শুরু করেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগ হয়নি তাদের। ওরিক্যানের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন নাঈম (২৬) ও মুস্তাফিজ (০)। ৩৯ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। 

 

 

ইত্তেফাক/ইউবি