মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উদ্ভট কর্মকাণ্ডের জন্য আগে থেকেই বিখ্যাত। এবার সেটি আরো এক ধাপ উপরে তুলেছেন তিনি, নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায় রেসলিং রিংয়ে বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম সিএনএনকে পেটাচ্ছেন।
প্রকৃতপক্ষে ২৮ সেকেন্ডের ভিডিওটি ছিল ডব্লিউডব্লিউই-র বাৎসরিক ইভেন্ট রেসল ম্যানিয়ায় ট্রাম্পের একটি পারফরম্যান্সের। ২০০৭ সালের সেই পারফরম্যান্সে ডব্লিউডব্লিউই এর প্রধান নির্বাহী চেয়ারম্যান ভিন্স ম্যাকমোহনকে পেটান। রবিবার ট্রাম্পের শেয়ার করা ভিডিওটিতে ম্যাকমোহনের চেহারায় সিএনএনের লোগো বসিয়ে দেয়া হয়, এবং শেষ হওয়ার সময় দেখানো হয় সিএনএন এফএনএন (ফ্রড নিউজ নেটওয়ার্ক) হয়ে গেছে।
শিশুতোষ ও ব্যঙ্গাত্মক ভিডিওটি ট্রাম্পের চলমান টুইটার বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এর আগে এমএসএনবিসির মনিং জো শোয়ের উপস্থাপক জো স্কারবোরো ও মিকা ব্রেজনিস্কিকে বাজে ভাষায় আক্রমণ করেন। রেসলিংয়ের ভিডিওটি মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করা হয়।
ট্রাম্পের এই পোস্ট হতবুদ্ধিকর অবস্থায় রয়েছে মার্কিন সাংবাদিকরা। নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক ডিন বাকেট বলেন, আমার মনে হয় না কেউ কোনোদিন ভেবেছিল সাংবাদিকরা তাদের কাজ করার জন্য প্রেসিডেন্টের এমন আক্রমণের শিকার হবে। তবে ট্রাম্পের সহচররা তার এই ভিডিও পোস্ট করাকেও সমর্থন করছেন। ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা থমাস বোসের্ট বলেন, আমার মনে হয় না কেউ এটাকে হুমকি হিসেবে নেবে। আমি আশা করবো তারা নেবে না, তিনি একজন প্রকৃত প্রেসিডেন্ট যিনি তার প্রকৃত মনোভাব প্রকাশ করছেন। নিউইয়র্ক টাইমস।
ইত্তেফাক/সাব্বির
