‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ অতীব গুরুত্বপূর্ণ’

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:০৮
আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ অতীব গুরুত্বপূর্ণ। 
 
সোমবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার ভৌত অবকাঠামো  পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 
 
পরমাণু হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রকল্প গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের প্রশংসা করে তিনি বলেন, তাদের আন্তরিকতার কারণে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার বিধি বিধান মেনে প্রকল্পের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। 
 
এর আগে বেলা ১১টায় ঢাকা হতে হেলিকপ্টার যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের নেতৃত্বে আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক সম্মানিত ইউকিয়া আমানোসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করেন। 
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএইএএর হেড ফর নিউক্লিয়ার ইনফ্রাকচার ডেভেলপমেন্ট মিলকো কোভাচেভ, বাংলদেশ এ্যাটোমিক এনার্জি রেগুলারেটি অথরিটির চেয়ারম্যান ড. নাঈম চৌধুরী, মেম্বার মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন, ভিয়েনার বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. প্রকৌশলী মঞ্জুরুল হক, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের রাশিয়ান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেকজেন্ডার খাজিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ আইএইএ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
ইত্তেফাক/ইউবি