‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আলোচনায় আগ্রহী মিয়ানমার’

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:৫৩
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী মিয়ানমার।
 
বাংলাদেশ সফররত মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন গত রবিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান।
 
তিনি দুই দেশের মধ্যে আলোচনা শুরু করাটা যে গুরুত্বপূর্ণ, সেটি স্বীকার করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থা বাড়াতে এবং মতপার্থক্য দূর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন মিয়ানমারের উপদেষ্টা।
 
তিন দিনের সফরের প্রথম দিনে মিয়ানমারের উপদেষ্টা রবিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। সোমবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার সফরের শেষ দিনে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
 
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মিয়ানমারের উপদেষ্টা উল্লেখ করেছেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তার দেশের সরকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও সীমান্তরক্ষী কর্মকর্তাদের আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
 
থং তুন মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে রাখাইন রাজ্যের প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা কমাবে, যা চূড়ান্তভাবে সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
 
ইত্তেফাক/ইউবি