বিনম্র শ্রদ্ধায় প্রিয় স্যারকে বিদায় জানালেন নারায়ণগঞ্জবাসী

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২১:৫১
বিনম্র শ্রদ্ধা আর শোকার্ত পরিবেশে শেষ বিদায় জানানো হয়েছে নারায়ণগঞ্জের সর্বজন পরম শ্রদ্ধেয় শিক্ষক নজরুল গবেষক ও একুশে পদকপ্রাপ্ত করুণাময় গোস্বামীকে। 
 
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে শহরের মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় শশ্মানে শেষকৃত্য করা হয়। 
 
দুপুরে নারায়ণগঞ্জ শহীদ মিনারে আনার আগে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও সুধীজন পাঠাগারের সামনে ক্ষণিক সময়ের জন্য রাখা হয় মরদেহ। সেখানে জানানো হয় বিনম্র শ্রদ্ধা। 
 
শহীদ মিনারে অধ্যাপক বুলবুল চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ছরোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সেক্রেটারী এটিএম কামাল, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর সেচ্ছাসেবক লীগের সেক্রেটারী জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ শ্রদ্ধা জানান।
 
সবশেষ ঢাকার ক্যামব্রিয়ান কলেজে শিক্ষকতা করলেও ড. করুণাময় গোস্বামী দীর্ঘকাল নারায়ণগঞ্জে শিক্ষকতা করেছেন।
 
গত শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২০১২ সালে একুশে পদক লাভ করেছিলেন। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক লাভ করেছেন।
 
ইত্তেফাক/ইউবি