মুরাদনগরে সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ০৩:৫৩

মুরাদনগর উপজেলা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ স্থান। নবীপুর-শ্রীকাইল-রামচন্দ্রপুর যাতায়াতের প্রায় ৩০ কিলোমিটার সড়ক দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার মুরাদনগর উপজেলার নবীপুর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কটি ১০ বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩০ কিলোমিটারের এ সড়কের বিভিন্ন স্থানে পিস ও ইট-সুরকি উঠে গেছে। এতে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় রিকশা, অটোরিকশা, সিএনজি কিংবা বিভিন্ন যানবাহন চলাচলের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীসহ পথচারীদের।

স্থানীয়রা জানায়, সড়কটি সংস্কার না হওয়ায় ওই এলাকার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও শতাধিক গ্রামের বিভিন্ন পেশার প্রায় দুই লক্ষাধিক জনগণ দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া কৃষিজীবীরাও তাদের উত্পাদিত কৃষি পণ্যসামগ্রী নিয়ে হাটে-বাজারে যাতায়াতে কষ্টের শিকার হচ্ছেন।

সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সড়কটি সংস্কারের জন্য গত তিন বছর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠালেও সড়কটি আজও সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়নি। সড়ক ও জনপথ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন জানান, ওই সড়ক সংস্কারের জন্য ৭২ কোটি টাকার প্রকল্প তৈরি করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু