গর্ভধারণের ২৬ সপ্তাহ (৬ মাস) পর ভ্রূণের অস্বাভিকতার মাত্রা বিবেচনা করে ভারতীয় এক নারীকে গর্ভপাতের অনুমতি দিল দেশটির সুপ্রিম কোর্ট। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।
ভ্রূণের বয়স যখন ২৩ সপ্তাহ, তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বারাসাতের ওই তরুণ দম্পতি। কারণ মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছিল স্বাভাবিক নয় তাদের গর্ভস্থ সন্তান। চিকিৎসকরা জানিয়েছিলেন, ভ্রূণের হৃৎপিণ্ডে রয়েছে বড়সড় সমস্যা। শিশুর জন্মের পর তিন মাসের মধ্যে একাধিকবার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। তারপরেও সে বাঁচবে কি না, তা অনিশ্চিত।
এই কারণেই গর্ভপাতের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দম্পতি। যদিও ভারতের আইন অনুযায়ী ভ্রূণের বয়স ২০ সপ্তাহের বেশি হয়ে গেলে গর্ভপাত আইনত অবৈধ। কেন্দ্রীয় সরকার এই সময়সীমা বাড়ানোর জন্য ভাবনাচিন্তা শুরু করলেও, তার রূপায়ণ হয়নি এখনো।
তারপরও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কিষেণ কউলের বেঞ্চ ওই দম্পতির আর্জি শুনে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মত নিয়ে অবশেষে সোমবার ওই দম্পতির আর্জিতে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
