ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি গাটিয়া চৌকিদারের মোড় নামক স্থানে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া এলাকার কবির হোসেনের ছেলে আব্দুল মালেক (৩৪) ও রামের ডাঙ্গা এলাকার আব্দুল বারেকের ছেলে মোক্তার হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মালবোঝাই একটি ট্রাক ডোমারের দিকে যাচ্ছিল। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী দুইজন উক্ত ট্রাকটিকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। বৃষ্টির কারণে পাকা সড়কে মোটরসাইকেলটি উল্টে গেলে তারা দুইজনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ সময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের কাছে তাদের বাড়ির মোবাইল নম্বর পেয়ে সেখানে খোঁজ নিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ইত্তেফাক/জামান
