গত ছয় বছর ধরে চলা সিরীয় সংঘাত নিরসনে পঞ্চম দফার শান্তি আলোচনা মঙ্গলবার কাজাখস্তানে শুরু হয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে নিরাপদ অঞ্চল বিষয়ক পরিকল্পনার ওপর আলোচনায় বেশী গুরুত্ব দেয়া হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, রাশিয়া, ইরান ও তুরস্ক আলোচনায় অংশ নিয়েছে। গত মে মাসের সিদ্ধান্ত অনুযায়ী চারটি এলাকাকে সংঘাত মুক্ত ঘোষণা করাই এ আলোচনার প্রধান লক্ষ্য। এর আগে কাজাখস্থানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি আনোয়ার ঝাইনাকভ এএফপিকে নিশ্চিত করেন যে, সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের ও বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিরা আস্তাানায় পৌঁছেছেন।
উল্লেখ্য সিরিয়ায় চারটি নিরাপদ অঞ্চল চিহ্নিত করতে আসাদ সরকারের মিত্র মস্কো ও তেহরান এবং বিদ্রোহী সমর্থক আঙ্কারার মধ্যে চুক্তি স্বাক্ষরকে সংঘাত নিরসনের ক্ষেত্রে সম্ভাব্য বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, সিরীয় সংঘাতে প্রায় তিন লাখ ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
ইত্তেফাক/সাব্বির
