ঈদের আগেই দেশে ফিরবেন সাবিলা নূর

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:৪৫
আগামী ঈদ-উল-আযহার আগেই আগস্ট মাসে দেশে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ফিরে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। দেশের একটি সংবাদপত্রকে গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন।
 
সাবিলা এখন আছেন যুক্তরাষ্ট্রে, বোনের বাসায়। এখানে তার সঙ্গে বাবা–মাও আছেন।
 
মাস দুয়েক আগে হঠাৎ​ সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ নাকি অসুস্থ—কিছুই জানা যায়নি। গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন—তার ব্যাপারে এমন গুঞ্জনও শোনা যায়। তবে ওই সাক্ষাৎকারে সাবিলা নূর বলেছেন, ‘মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে আমার ব্যক্তিগত জীবনে একটু ঝামেলা হচ্ছিল। সত্যি বলতে, হঠাৎ করে আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম না। তাই নিজেকে এবার একটু বোঝার জন্য বিরতি নিয়েছিলাম।’
 
আর গুঞ্জনের ব্যাপারে বললেন, ‘এসবের কোনো সত্যতা নেই। এসব গুজবের কারণে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম, সেটাও আমার আড়ালে যাওয়ার একটা কারণ। নিজের ব্যাপারে কোনো মিথ্যা গুজব শুনলে কান্নাকাটি করি, খাওয়াদাওয়া বন্ধ করে দিই।’
 
ইত্তেফাক/রেজা