বলিউড সেনসেশন আরমান মালিকের কণ্ঠে বাংলাদেশি গান

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১২:৫০
 
বলিউডের সিনেমার আজহার এর ‘বলো দো না জারা’, হেট স্টোরি থ্রির ‘ওয়াজা তুম হো’ বা ‘তুম হে আপনা বানানে কা’, এম এস ধোনির ‘জাব তাক’, সানাম রে’র ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’-সবগুলো গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শক-শ্রোতা মহলে । আর এসব গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের নতুন সেনসেশন গায়ক আরমান মালিক।
 
এই আরমান মালিক প্রথমবারের মতো কণ্ঠ দিলেন বাংলাদেশের কোন গানে। ইশতিয়াক আহমেদের কথায় ও বাংলাদেশি ব্যান্ড অ্যাপিরাসের সুর-সংগীতে গাইলেন আরমান মালিক। বাংলা গান আগেও গেয়েছেন তিনি, তবে সেটা কলকাতার ছবিতে।
 
আরজিৎ সিং পরবর্তী সময়ে তাকে নিয়ে এখন তুমুল ক্রেজ বলিউডে, সে নমুনা অবশ্য অবশ্য তার প্লে লিস্টে একবার ঢু মারলেই দেখা যাবে। অ্যাপিরাসের অন্যতম সদস্য সামি মাহমুদ বলেন, ‘আরমান মালিক একজন অসাধারণ শিল্পী। তার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ এবং গৌরবের। অসম্ভব বিনয়ী এই শিল্পী বাংলাদেশের গান গাইতেও বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং গেয়েছেনও দুর্দান্ত।’
 
গত সপ্তাহে মুম্বাইয়ের অডিও গেরেজ স্টুডিওতে ভয়েস দেন আরমান মালিক। ঈগল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে শিগগিরই।
 
ইত্তেফাক/আনিসুর