ট্যানারির বর্জ্যে ধলেশ্বরী যেন দূষিত না হয় : আপিল বিভাগ

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৪:৪৯
রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হওয়া ট্যানারি শিল্পের দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিসিক-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, ট্যানারির বর্জ্যে যেন সাভারের ধলেশ্বরী নদী দূষিত না হয়। যদি ওই নদী দূষিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
 
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির রায়ে এই কথা বলা হয়েছে। গত ৯ এপ্রিল আপিল বিভাগ এই রায় ঘোষণা করে। আজ বুধবার এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
 
এর আগে আদালত বলেছেন, বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্যই ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই ট্যানারির বর্জ্য যেন ধলেশ্বরী নদীতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বুড়িগঙ্গাকে বাঁচাতে গিয়ে ধলেশ্বরী যেন আরেকটি বুড়িগঙ্গায় পরিণত না হয়। যদি এমন কিছু ঘটে তাহলে পরিবেশ বিপর্যয়ের জন্য চরম মূল্য দিতে হবে।