যশোরের বেনাপোল কাস্টম হাউসে ২০১৬-১৭ অর্থ বছরে লক্ষ্য মাত্রার চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় তিন হাজার সাতশ' ৬০ কোটি ৩০ লাখ টাকা। সেখানে বছর শেষে আদায় হয়েছে তিন হাজার আটশ' পাঁচ কোটি ৭০ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকা বেশি। পর পর তিনটি অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ার পর এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন জানান, পর পর তিন বছর বেনাপোল কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। এবার শুল্ক আদায়ে কড়াকড়ি আরোপ ও কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত কর আদায় ও পণ্যের মূল্য বাড়িয়ে দেয়ার কারণে এবার রাজস্ব আদায় বেশি হয়েছে।
ইত্তেফাক/জামান
