মাদার তেরেসার ‘নীল পাড় শাড়ি’র পেটেন্ট নিল মিশনারিজ অব চ্যারিটি

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১২:০৩
নীল পাড়ের সাদা শাড়িতে মোড়ানো মমতাময়ী মাদার তেরেসা। এই বিশেষ ধরণের শাড়ি পরেই সারাবিশ্বে শুভ্র মানবতার দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার এরই পেটেন্ট নিল থেরেসার প্রিয় মিশনারিজ অব চ্যারিটি।
IMG0
বুধবার ওই প্রতিষ্ঠানের তরফে একথা জানান ভারতীয় আইনজীবী বিশ্বজিৎ সরকার। তিনি জানিয়েছেন, ওই শাড়ি এবার থেকে মিশনারিজ অব চ্যারিটির প্রতীক হিসেবে গণ্য হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন মেনে ওই পেটেন্ট নেওয়া হয়েছে। জানা গেছে, ভারতে এই প্রথম কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট এক পোশাকের পেটেন্ট নিল।
IMG1
সারা পৃথিবীতে গরিব, অসহায়, অসুস্থদের জন্য কাজ করে এই প্রতিষ্ঠান। যে বিশেষ নকশার নীল পেড়ে সাদা শাড়ি মাদার পরতেন, সেই শাড়িতে তার অনুগামী সন্ন্যাসিনীদেরও দেখতে অভ্যস্ত বিশ্ববাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ বিভিন্নভাবে মাদারের প্রতিষ্ঠান ও ভাবনাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মাদারের নাম করে সমাজসেবার আড়ালে অনেক অসাধু চক্রও সক্রিয় বলে খবর পেয়েছে মাদারের প্রতিষ্ঠান। অনেকেই নীল-সাদা শাড়ি পরে মাদার বা তার প্রতিষ্ঠানের নাম করে বিভিন্ন সংস্থার কাছ থেকে নানা রকম সুযোগ-সুবিধা নিচ্ছে বলে অভিযোগ। মাদারের নামে সব ধরনের অসাধু কাজ বন্ধ করতেই পেটেন্ট নেওয়ার এই উদ্যোগ নেয়া হয় বলে জানানো হয়েছে।
IMG2
ভ্যাটিকান সিটিতে পোপ ২০১৬ সালে মাদার তেরেসাকে সন্ত ঘোষণা করেন। সেই অনুষ্ঠানে ওই নির্দিষ্ট ধরনের শাড়ি পরে মাদারের অনুগামী সন্ন্যাসিনীরাও উপস্থিত ছিলেন। বিশ্বের দরবারে ওই শাড়ি সেদিন আরো বেশি করে পরিচিত হয়। এর পরেই মিশনারিজ অব চ্যারিটি সিদ্ধান্ত নেয়, তারা ওই শাড়ির পেটেন্ট নেবে এবং তার অপব্যবহার বন্ধ করবে। 
 
ইত্তেফাক/সেতু