মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ডাকাত ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এসময় ১৫ টি গরু দুটি মোটরসাইকেলসহ ৫ ডাকাতকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোর ৪ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ অভিযান চলে। আটককৃতরা হলেন,পাবনার দুলাল মিয়ার ছেলে চিহ্নিত ডাকাত সোনাই মিয়া,আলোকদিয়া চরের আলতাব মোল্লার ছেলে সোহেল,জুলহাসের ছেলে আলমাস,সালাম মোল্লার ছেলে মিন্টু মোল্লা ও তার ভাই সাদ্দাম। এদের সবার বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান। তিনি জানান,৫ টি স্পিডবোট ও ৪ টি ট্রলারে করে ৯ জন ইন্সপেক্টরসহ ৭০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। পুলিশ সুপার আরও জানান,আলোকদিয়া চরে তালিকাভুক্ত ২০ ডাকাত ও সন্ত্রাসী ধরতেই অভিযান পরিচালনা করা হয়।
তবে তাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ডাকাতদলটি মানিকগঞ্জ ছাড়াও,পাবনা,সিরাজগঞ্জ,রাজবাড়িসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। কোরবানি ঈদকে সামনে রেখে তারা সংঘবদ্ধ হচ্ছিল। এদের বিরুদ্ধে হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অনেকেই সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
অভিযানে আটককৃতদের ডিবি পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। উদ্ধার করা গরু রাখা হয়েছে শিবালয় থানায়। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে গরু গুলো মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে।
ইত্তেফাক/সাব্বির
