পড়বি তো পড় কুমিরের ঘাড়ে!

আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১২:৫৮
শখ করে হট এয়ার বেলুনে চড়েন অনেকে। কিন্তু এই শখ পূরণ করতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একদল লোক। সোমবার ১৬ জন যাত্রী নিয়ে আকাশে ওড়েন একটি হট এয়ার বেলুনের পাইলট। হৈ হুল্লোড় করে সবাই যখন আনন্দ করছেন তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। উপায় না দেখে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হলেন। কিন্তু তিনি যেখানে অবতরণ করেন সেটি ছিল একটি পুকুর। ওই পুকুরে নামার পর সবাই দেখতে পেল সেখানে বহু কুমিরের আবাসস্থল! সবাই ভয়ে কান্নাকাটি শুরু করল। কিন্তু পাইলট তাদের শান্ত থাকার অনুরোধ করলেন। প্রায় এক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়।
 
তবে ভাগ্য ভালো যে কুমিরের দল যাত্রীদের বসা ‘ঝুড়ির’ উপর হামলা না চালিয়ে কাছাকাছি গিয়ে হা করে ভেসে থাকে। পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। এরপর এটি ভাইরাল হয়ে যায়। -এনডিটিভি