ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে হুইল চেয়ার ও শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ, পুরস্কার বিতরণ ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক দেশ বরণ্যে ক্রিকেটার মুশফিকুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও ড্রীম ফর ডিস এ্যাবিলিটি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ড. এমরান জাহান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশিরুল হক ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকেও সঠিক ভাবে কাজে লাগালে সমাজ উপকৃত হবে।
খেলায় ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ২৮ রানে গাজীপুর শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ইত্তেফাক/এমআই
