মোহাম্মদ সাইফউদ্দিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া নর্দান টেরিটরির বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪২ রানে জয় পেয়েছে বিসিবি এইচপি একাদশ। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নর্দান টেরিটরির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করলো এইচপি একাদশ।
সিরিজের প্রথম ম্যাচে নর্দান টেরিটরির বিপক্ষে মাত্র ১ উইকেটে জিতেছিলো এইচপি একাদশ। এরপর দ্বিতীয়টিতে এইচপি একাদশ ৭০ রানে হারায় নর্দান টেরিটরিকে।
ডারউইনে মারারা ক্রিকেট গ্রাউন্ডে সফরের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এইচপি একাদশের অধিনায়ক লিটন কুমার দাস। সাইফউদ্দিনের ১০৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের লড়াকু সংগ্রহ পায় এইচপি একাদশ। সাইফউদ্দিনের পর বলার মত স্কোর করেছেন এনামুল হক বিজয় ও তানবীর হায়দার। দু’জনই ৩৬ রান করে করেন।
জবাবে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি। দলের পক্ষে অ্যালেত গ্রেগরি একাই ১৪৪ রান করেন। আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। বাসস।
ইত্তেফাক/রেজা
