বাঘায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ১

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:৪৭
 
রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে অপহরণকারীর সহযোগী (বন্ধু) রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তেঁথুলিয়া মামুদ পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে রওনা হয় ওই ছাত্রী। পথিমধ্যে পীরগাছা এলাকায় পৌঁছলে ওই গ্রামের আতাহার আলীর কলেজ পড়ুয়া (স্নাতক প্রথম বর্ষ) ছেলে আকাশ মাহামুদ তার বন্ধুদের সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করেন।
 
এ ঘটনায় ছাত্রীর বাবা ওইদিন বিকালে বাঘা থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পরদিন শুক্রবার রাতে বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আকাশের সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রানাকে (২০) গ্রেফতার করে।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ আলী মাহামুদ জানান, অপহরণকারীকে সহায়তা করার দায়ে শুক্রবার রাতে রানাকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে