নওয়াজউদ্দিনকে হিপ-হপ নাচ শেখালেন টাইগার

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২০:৩০
বলিউডের নামী অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিক। অভিনয়ে পারদর্শী হলেও নাচে ততটা সাবলীল নন। তবে তার পরবর্তী ছবি ‘মুন্না মাইকেল’-এ রীতিমতো হিপ-হপ, লক অ্যান্ড পপ-এর দুর্ধর্ষ স্টেপ করেছেন তিনি। ছবিতে তার নাচের গুরু ছিলেন টাইগার শ্রফ। 
 
বলিউডের খ্যাত কোরিওগ্রাফর শাব্বির খানের ‘অ্যাকশন ডান্স’ ছবি ‘মুন্না মাইকেল’-এ ‘মহিন্দর ফৌজি’ নামে এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে নওয়াজকে। ছবিতে রয়েছেন টাইগার শ্রফ এবং নবাগতা নিধি আগারওয়াল।
 
গত ৫ জুলাই ‘সোয়্যাগ’ নামে একটি গান প্রকাশ করেছে ‘মুন্না মাইকেল’ টিম। সেখানেই দেখা যাচ্ছে, টাইগার শ্রফের কাছ থেকে বিভিন্ন পশ্চিমা ঘরানার ‘ডান্স স্টেপ’ আয়ত্ত করছেন নওয়াজ। দু’মিনিট পনেরো সেকেন্ডের এই ‘পেপি নম্বর’-এ সাবলীল ভাবে নেচেছেন নওয়াজউদ্দিন। টাইগার শ্রফের শেখানো স্টেপস রীতিমতো রপ্ত করে ফেলেছেন অভিনেতা।
 
মুম্বইয়ে এই গান প্রকাশের অনুষ্ঠানে টাইগার শ্রফ বলেন, নওয়াজউদ্দিন এক-একটি স্টেপ পারফেক্ট করার জন্য প্রায় একশো বার করে রিসার্হাল করেছেন।
 
কোনও দিনই অন্য রকম চরিত্র করতে পিছপা হননি নওয়াজউদ্দিন। ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর ফয়জল বা ‘তলাশ’-এর তৈমুর কিংবা ‘দ্য লাঞ্চবক্স’-এর শেখ। নজর কেড়েছেন প্রতিটিতেই। এবার ‘মুন্না মাইকেল’-এ নওয়াজদ্দিনের নতুন চ্যালেঞ্জ নাচ জানা গ্যাংস্টার ‘মহিন্দর ফৌজি’। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুলাই। এনডিটিভি।
 
 
ইত্তেফাক/রেজা