খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা আজ রবিবার। ইতোমধ্যে প্রতিনিধি সভার মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এই প্রতিনিধি সভাকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্সবের আমেজ বিরাজ করছে।
সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি ও মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন ও পারভীন জামান কল্পনা।
প্রতিনিধি সভার সার্বিক তত্ত্বাবধানে থাকা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, খুলনা বিভাগের ১০ জেলা থেকে ২৫ হাজার তৃণমূল নেতা-কর্মী খুলনা জেলা স্টেডিয়ামের প্রতিনিধি সভায় যোগ দেবেন। প্রতিনিধি সভাকে কেন্দ্র করে খুলনা জেলা স্টেডিয়াম আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হবে। দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
