কয়েকটি মানবাধিকার ভিত্তিক সুশীল সমাজ, কৃষক ও শ্রমিক সংগঠন এবং নেটওয়ার্কের নেতৃবৃন্দ দারিদ্র্য নিরসন, অসমতা দূরীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংগ্রামরত দেশসমূহকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ, স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ এবং তথ্যের স্বাধীনতা ও অবাধ প্রবাহও এসডিজি অর্জনে মৌলিক প্রয়োজন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ইউএন হেল্প’-এ বাংলাদেশ সরকারের ‘এসডিজি ভিএনআর’ উপস্থাপন উপলক্ষে ২১ টি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ইক্যুইটি বিডি-র রেজাউল করিম চৌধুরী, বিএনএনআরসি-র এএইচএম বজলুর রহমান, ডাস-এর রফিকুল ইসলাম, উন্নয়ন ধারা ট্রাস্ট-এর আমিনুল রসুল বুলবুল, বিকেএফ-এর বদরুল আলম ও জায়েদ ইকবাল খান, কোয়েস্ট-এর মোস্তফা কামাল আকন্দ এবং ইক্যুইটি বিডি-ও সৈয়দ আমিনুল হক উপস্থিত ছিলেন।
তারা বলেন, ওই উপস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে আঞ্চলিক বৈষম্য ও অসমতা দূরীকরণ, সম্পদের অবৈধ প্রবাহের বিরুদ্ধে কর্মপন্থা গ্রহণ এবং অবকাঠামোর উন্নয়ন ও সুরক্ষার জন্য সমতা আনয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়।
এছাড়া জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মানুষের সুরক্ষা এবং জলবায়ুজনিত কারণে স্থানান্তরের বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব গ্রহণের বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/এমআই
