আটকের ১৬ ঘণ্টা পর ভারতীয় যুবককে হস্তান্তর

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৭:১৯
জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল সীমান্ত থেকে আটক ভারতীয় যুবক সনজিত চন্দ্র সেনকে ১৬ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। 
 
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক পিলাল নম্বর ৯৩৫ এর কাছে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  পরে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। 
 
বাংলাদেশের পক্ষে নের্তত্ব দেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি পাঁচ সদস্যের শিমুলবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম  ও ভারতীয় কোচবিহার ৩৮ বিএসএফ পাঁচ সদস্যের বসকোঠাল ক্যাম্পের ইন্সপেক্টর এস কে সোরেন্দ্র কুমার।
 
বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় বালারহাট ক্যাম্পের টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারতের  কোচবিহার জেলার দিনহাটা থানার বসকোঠাল গ্রামের নিমু চন্দ্র সেনের ছেলে সনজিত চন্দ্র সেনকে (২৫) আটক করে।  
 
এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবির শিমুলবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় যুবককে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/ইউবি