সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ৫০ বছরের বেশি বয়স হয়ে যাওয়া ব্যক্তিদের কাজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল ভারতের উত্তরপ্রদেশ সরকার। যে ব্যক্তিদের কাজ সন্তোষজনক বলে মনে হবে না, তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার এই মর্মে এক নির্দেশ জারি করেছেন।
অতিরিক্ত মুখ্যসচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের এ মাসের ৩১ তারিখ পর্যন্ত সব ‘বুড়োদের’ কাজের বিচার করতে বলা হয়েছে। এ বছরের ৩১ মার্চের মধ্যে যে কর্মীদের বয়স ৫০-এর বেশি ছিল, তাদের কাজ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন সচিবরা। রাজ্য সরকার বলেছে, ‘বর্তমানে এই প্রযুক্তির যুগে টেনেটুনে ৬০ বছর পর্যন্ত অদক্ষ বুড়োদের দিয়ে কাজ করানোর কোনো যুক্তি নেই! বয়স হয়েছে, বাসায় গিয়ে নাতি-নাতনিদের সময় দিন কিংবা বিশ্রাম নিন।’
উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র বলেছেন, এই নির্দেশ নতুন কিছু নয়। ৫০ বছরের বেশি বয়সি কর্মীদের কাজ খতিয়ে দেখার নির্দেশ আগেও ছিল। সরকারি চাকরিতে নিয়োগ করার সময়ই বলে দেওয়া হয়, সরকার মনে করলে কোনও কারণ না দেখিয়েই তিন মাসের নোটিশ দিয়ে কর্মীদের অবসরে পাঠাতে পারে।
এক্ষেত্রেও সেই নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। সেই কারণেই নিয়মিত কর্মীদের কাজকর্ম খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি।
ইত্তেফাক/আনিসুর
